হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে’র ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো ইরান
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে’র ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ইন্টারনেট সীমাবদ্ধতা কমানোর প্রথম পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্স।
বিশ্বের কঠোরতম ইন্টারনেট নিয়ন্ত্রণের দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। তবে ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, ইরানের প্রযুক্তিবিদরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে এ নিয়মগুলো অতিক্রম করে থাকেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বৈঠকে জনপ্রিয় বিদেশি প্ল্যাটফর্মগুলোতে প্রবেশের সীমাবদ্ধতা তুলে নিতে ইতিবাচক সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া গেছে।
ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাসেমি বলেন, “ইন্টারনেট সীমাবদ্ধতা সরানোর প্রথম পদক্ষেপ আজ গ্রহণ করা হয়েছে।”
উল্লেখ্য, ইরানে সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ বিষয়ে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানায় যাতে তারা ইরানসহ ইন্টারনেট সেন্সরশিপ কঠোরভাবে আরোপকারী দেশগুলোর নাগরিকদের সহায়তা করতে পারে।
ডিবিটেক/বিএমটি







